তেঘরিয়ায় বোমা বিস্ফোরণ, ক্ষোভ গণ অধিকার পরিষদের

রেজাউল কবির পলের সমর্থক রিফাত রেহমানের পাশে দাঁড়ালেন সাজ্জাদ আল ইসলাম, ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদকজ্যেষ্ঠ প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০২৫

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে এমন সহিংসতা অগ্রহণযোগ্য ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের প্যানেলের একটি মিছিল বুধবার বিকেলে তেঘরিয়া এলাকায় অতিক্রম করার সময় কিছু চিহ্নিত সন্ত্রাসী রেজাউল কবির পলের সমর্থক রিফাত রেহমানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটায়। হঠাৎ এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান গণ অধিকার পরিষদের ঢাকা-৩ আসনের প্রার্থী সাজ্জাদ আল ইসলাম। তিনি বলেন,আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুস্পষ্ট, স্বচ্ছ তদন্তের দাবি জানাই। কেরানীগঞ্জে কাউকে নব্য দুর্বৃত্তায়নের সংস্কৃতি চালু করতে দেওয়া হবে না। ভিন্ন দল-মত থাকতে পারে, কিন্তু বল প্রয়োগ, ভয়ভীতি ও সন্ত্রাসের রাজনীতি কখনও মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের মাটিতে শান্তি, ন্যায়বিচার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে আইনের শাসনের পথে থাকতে হবে। গণ অধিকার পরিষদ সর্বদা জনগণের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের সংগ্রামে অটল।

এ ঘটনার পর কেরানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ রেজাউল কবির পলের সমর্থক রিফাত রেহমানের পাশে ঐক্য প্রকাশ করেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

আপনার মতামত লিখুন :