বিএনপির নির্বাচনি টোপে থমকে যেতে পারে দেশের উদীয়মান তরুণ নেতৃত্ব — সাজ্জাদ আল ইসলাম

ছাত্র নেতা বলেন, ছোট দলগুলোকে প্রলোভনের ফাঁদে ফেলতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩০ পিএম, ০৩ নভেম্বর ২০২৫

আজ বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে বাকি আসনগুলো ইচ্ছাকৃতভাবে ফাঁকা রেখে ছোট দলগুলোকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হবে বলে মন্তব্য করেছেন ছাত্র নেতা সাজ্জাদ আল ইসলাম।

তিনি বলেন, এই কৌশলের সুযোগে কিছু প্রভাবশালী নেতা ব্যক্তিগত লোভে পড়ে দলের স্বার্থ বিকিয়ে দেবেন। এতে দেশের উদীয়মান তারুণ্যের সম্ভাবনাময় ভবিষ্যৎ আবারও এক যুগ পিছিয়ে পড়বে।

সাজ্জাদ আরও বলেন, আমরা বিশ্বাস করি বিএনপি যুগপৎভাবে আমাদের আন্দোলন ও সংগ্রামের শরিক দল। কিন্তু শরিক মানেই একাকার হয়ে ক্ষমতায় স্বস্তি নেওয়া নয়। বাংলাদেশে এখন এমন এক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে বিএনপি-আওয়ামী লীগের বাইরে তরুণ প্রজন্মের নেতৃত্বে তৃতীয় শক্তির উত্থান ঘটছে — যা আপামর জনগণের আকাঙ্ক্ষা।

তিনি শঙ্কা প্রকাশ করে আরও বলেন, ছোট দলগুলোর অনেক শীর্ষ নেতা অজপাড়া গ্রামের সাধারণ মানুষ থেকে উঠে আসা। তারা কি পারবে এই সময়ের লোভ সামলাতে? আগামী দিনগুলোতে দেখা যেতে পারে— কেউ কেউ এমপি বা মন্ত্রিত্বের প্রলোভনে পড়ে তারুণ্যের শক্তিকে কয়েকটি আসনের সমঝোতায় বিকিয়ে দিতে পারেন। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের রাজনৈতিক ভারসাম্য, আর হতাশ হবে সেই তরুণ প্রজন্ম যারা পরিবর্তনের স্বপ্ন দেখছে।

ছাত্র নেতা সাজ্জাদ আল ইসলাম মনে করেন, এই প্রহসনের রাজনীতির মধ্যেই তরুণ প্রজন্মের প্রকৃত নেতৃত্বকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন :