সফি উল্যাহ নিজামী’র ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীর সেনানী

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৭ এএম, ২৯ এপ্রিল ২০২৫
Oplus_16908288

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী সৈনিক, ফেনী জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এবং নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সফি উল্যাহ নিজামীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবাবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মোমিন। তিনি বলেন, সফি উল্যাহ নিজামী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন সাহস ও আদর্শের প্রতীক। তার সংগ্রামী জীবন ও আত্মত্যাগ আজও আমাদের রাজনীতিতে অনুপ্রেরণা হয়ে আছে।

 

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুউদ্দিন সেলিম তার বক্তব্যে বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফি ভাই ছিলেন রাজপথের সম্মুখসারির যোদ্ধা। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর।

 

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাস্টার জহির উদ্দিন ভূঞাঁ সোহাগ বলেন, ছাত্র রাজনীতি থেকে জেলা পর্যায় পর্যন্ত তার নেতৃত্ব ও সংগঠকসুলভ আচরণ দলীয় কর্মীদের মাঝে দৃষ্টান্ত হয়ে আছে। তিনি ছিলেন একজন দূরদর্শী ও নিবেদিতপ্রাণ কর্মী।

 

বিশেষভাবে স্মৃতিচারণ করেন সফি উল্যাহ নিজামীর ঘনিষ্ঠ বন্ধু ও ফেনী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যিনি বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, সফি ছিলেন আমার সহযোদ্ধা ও আত্মার বন্ধু। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য নিবেদিত এক সাহসী সৈনিক, যার নাম শুনলেই তৎকালীন দুঃশাসনের প্রতীক জয়নাল হাজারী কেঁপে উঠত। ২৩ বছরেও তার কথা সকল নেতা কর্মীদের মুখে মুখে আছে, এই জেলার নেতা কর্মীরা তাকে কখনো ভুলবে না।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইউনুস খান রুবেল, তিনি বলেন, আমাদের প্রজন্মের কাছে সফি ভাই এক আদর্শের নাম। রাজপথে যে সাহসিকতা তিনি দেখিয়েছেন, তা অনুকরণীয়।

 

উপজেলা যুবদলের সদস্য আবু ইউসুফ বলেন, সফি উল্লাহ নিজামীর মতো একজন নির্ভীক নেতার নেতৃত্বে আমরা রাজনৈতিক দীক্ষা নিয়েছি। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ত্যাগ স্বীকার করে আদর্শকে বাঁচিয়ে রাখতে হয়।

 

জেলা সেচ্ছাসেবক দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাফর উল্লাহ খান মামুন বলেন, সফি উল্লাহ নিজামীর মতো নেতারা আমাদের পথপ্রদর্শক। তার রাজনৈতিক স্পষ্টতা, ত্যাগ ও আদর্শ আজকের প্রজন্মের জন্য উদাহরণ। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

 

জেলা সেচ্চাসেবক দলের সদস্য সুমন মিয়াজি বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়নিষ্ঠ এবং কর্মীবান্ধব নেতা। তার অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করি।

 

জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল করিম বলেন, সফি ভাই শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন সমাজের সকল স্তরের মানুষের আশ্রয়স্থল। তার মত নেতার বড় অভাব আজকের রাজনীতিতে।

 

জেলা ছাত্রদলের সদস্য মোশাররফ হোসেন (বাবু) বলেন, ছাত্র রাজনীতিতে কাকার ভূমিকা ছিল অসাধারণ। তিনি ছিলেন নেতৃত্বের আদর্শ উদাহরণ।

 

আলোচনা সভা শেষে মরহুম সফি উল্যাহ নিজামীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোক্তার হুজুর।

 

অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতি, শ্রদ্ধা ও আবেগের এক অনন্য পরিবেশ।

আপনার মতামত লিখুন :