নড়াইলে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত পৌর মেয়র সাময়িক বরখাস্ত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৫ পিএম, ০৬ অক্টোবর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>> 

দুর্নীতির একটি  মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল সদর পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস ও ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটুকে স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে সাময়িক বরখাস্ত করেছে।

গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস এবং ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটু দণ্ডবিধি ৪০৯/ ১০৯ দোষী সাবস্থ হয়ে ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধে দোষী সাবস্থ হয়ে ৪(চার) বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৩১ এর উপধারা (১) এর ধারা মোতাবেক ফৌজদারী অপরাধে দোষী সাবস্থ হয়ে কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় তাকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।

সেহেতু স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৩১ এর উপধারা (১) এর ধারা মোতাবেক পৌর মেয়র বিশ্বাস ও কাউন্সিলর শরফুল আলম লিটুকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এর আগে গতকাল একই মামলায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

বরখাস্তের ব্যাপারে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী বলেন, জেলা পরিষদ চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত সংক্রান্ত চিঠি আসলেও নড়াইল পৌর মেয়র এবং কাউন্সিলরের বরখাস্তের ব্যাপারে কোনো চিঠির বিষয় আমার জানা নেই।

উল্লেখ্য, একটি দূর্নীতির মামলায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান, নড়াইল পৌর মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। ২৬ সেপ্টেম্বর দুদকের মামলায় যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।

নড়াইল পৌরসভার রূপগঞ্জ পশুরহাটের ২০০৯ সালে হাট বাজার ইজারা নীতিমালার শর্ত ভঙ্গ করে ৩ সনের ইজারা মূল্য ১ লাখ ৯৬ হাজার ৬’শ ৬৫ টাকা আত্মসাতের ঘটনায় স্পেশাল জজ আদালত দণ্ডবিধি ৪০৯ ধারায় প্রত্যেকে ৩বছর এবং ৫(২) ধারায় ৪ বছর করে শাস্তি প্রদান করে এবং প্রত্যেকে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জরিমানা করে।

আপনার মতামত লিখুন :