ইকবাল সোবহান চৌধুরীকে ‘ভারত বন্ধু’ সম্মাননা
জিএস নিউজ ডেস্ক:>>>
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার সম্পাদক ও ডিবিসি টিভি চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ভারতের আগরতলা প্রেস ক্লাব কর্তৃক ‘ভারত বন্ধু’ সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর বিকেলে আগরতলা প্রেস ক্লাবের পক্ষে ত্রিপুরা রাজ্যের আইন বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ এ সম্মাননা তুলে দেন। ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য এ সম্মাননা দেয়া হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়। এ সময় মন্ত্রী ও প্রেসক্লাবের কর্মকর্তারা ওবায়দুল মোক্তাদির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন, পটুয়াখালী চেম্বার্স অব কামার্স এর সভাপতি মহিউদ্দিন, বাংলানিউজ২৪ডটকম এর নির্বাহী সম্পাদক কিশোর কুমার সরকার, প্রবীণ সাংবাদিক বিকচ চৌধুরীকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এর আগে ‘ভারত-বাংলাদেশের সুসম্পর্ক উন্নয়নে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমার জন্ম না হলেও বাংলাদেশ আমার মা। সন্তানের দায়িত্ব রয়েছে মায়ের জন্য সব কিছু করার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের জায়গায় রয়েছেন। তার জন্য তথা বাংলাদেশের জন্য শুধু ত্রিপুরা রাজ্য নয়, ভারত সব কিছু করতে প্রস্তুত। তিনি বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।’
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মণ।



