মাদারীপুরে নির্যাতিত সাংবাদিক শহিদুলের জামিন মঞ্জুর

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৩ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

মাদারীপুর প্রতিনিধি>>

মাদারীপুরের কালকিনির সাংবাদিক শহিদুল ইসলামকে চাঁদাবাজির মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা বেগম এ জামিন মঞ্জুর করেন। একই সাথে সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের স্বপ্রণোদিত রুলের তদন্ত না হওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার দুপুরে কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদার ও তার সন্ত্রাসী বাহিনী দৈনিক যায়যায় দিন পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামের উপর হামলা চালায়। এরপর গাছের সাথে বেঁধে নির্যাতন করলে পুলিশ ওই সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করে।

এ সময় চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদারসহ দুইজনকে আটক করা হয়। পরে ওই রাতে সাংবাদিক শহিদুল ইসলামকে চিকিৎসা দিয়ে পরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় গত রোববার দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে রুল জারি করেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ। সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট।

সেই সাথে এই ঘটনায় স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিআইজি ঢাকা রেঞ্জ, মাদারীপুরের পুলিশ সুপার, কালকিনির ইউএনও এবং কালকিনি থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সাথে পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয় এমন কোনো কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ প্রদান করেন হাইকোর্ট।

আপনার মতামত লিখুন :