সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: মমতাজ উদ্দিন আহমেদ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৯ পিএম, ০১ মে ২০১৭

বিশেষ প্রতিবেদক:>>>

দেশব্যাপী সাংবাদিকদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক তালিকা প্রণয়ন হলেই প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে তা দেওয়া হবে। গতকাল বুধবার সিরাজগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এসব কথা বলেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল আয়োজিত স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণ বিধি’ নিয়ে দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করে।

মমতাজ উদ্দিন আরও বলেন, দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে কে কোন মিডিয়ায় কাজ করেন, তা সহজেই দেখতে পাবেন। সব জেলা প্রশাসককে এ বিষয়ে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের এ তালিকা প্রণয়নের উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া বা বিড়ম্বনায় ফেলা নয়। বরং এটি একটি বড় ধরনের স্বীকৃতি স্বরূপ। শিগগিরই নিজ নিজ গণমাধ্যমের নামসহ সাংবাদিকদের সঠিক তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে।

স্থানীয় প্রশাসনও যেকোনো সাংবাদিকের সঠিক পরিচয় জানতে বা চিনতে পারবে। সাংবাদিকদের তালিকা তৈরির পেছনে কোন নেতিবাচক উদ্দেশ্য নেই। মিডিয়ায় কে কিভাবে কখন প্রবেশ করেছেন বা কার কতটুকু যোগ্যতা বা দক্ষতা আছে, তা বিশ্লেষণ করে পরে কাউকে বাদ দেওয়া বা ছাটাই করা, এমন উদ্দেশ্য এ তালিকা তৈরির পেছনে নেই।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার (যুগ্মসচিব), পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতিজা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ফ্রি-ল্যান্সার আবু নসর, বাসসের সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম.তফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে-খোদা লিটন, সাংবাদিক বাবু ইসলাম, আবদুল কুদ্দুস, জাকিরুল ইসলাম সান্টু, হারন-অর-রশিদ খান হাসান, শহিদুল ইসলাম ফিলিপস, এনামুল হক খোকন, হেলাল আহম্মেদ, সুলতানা ইয়াসমিন মিলি, সমকাল জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, বিমল কুমার কুণ্ড, শফিকুজ্জামান শফিসসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :