বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৫ পিএম, ২১ এপ্রিল ২০১৮

ফেনী প্রতিনিধি:>>>

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামে সিলোনীয়া হাই স্কুলে পড়–য়া বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করার বখাটে রেদোয়ানের ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছে ভাই মো. মোমিন। শনিবার দুপুরে ওই ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

 


পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলোনীয়া হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে আলামপুর গ্রামের বখাটে যুবক রেদোয়ান স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্যক্ত করতো। শনিবার দুপুরে ওই ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটে রেদোয়ান তার কয়েকজন সহযোগীসহ ছাত্রীর পথ আগলে উত্যক্ত করতে থাকে। এসময় পূর্ব হীরাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে ছাত্রীর ভাই মো. মোমিন প্রতিবাদ করে। এতে বখাটে রেদোয়ান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে। রক্তাক্ত জখম দেখে বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত মোমিনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করেন।

 

 

এদিকে রেদোয়ান, বাবু ও মেহেদী হাসান মামুনকে ধাওয়া করে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ যাচাই-বাছাই করে বাবু ও মেহেদীকে ছেড়ে দেয়। এ ঘটনায় আহত মোমিনের পিতা আবদুল খালেক বাদী হয়ে রেদোয়ান ও তার তিন সহযোগির নাম উল্লেখ করে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার রেদোয়ান আলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল আফছারের ছেলে।

 

 

স্থানীয়রা জানায়, বখাটে রেদোয়ানের সহযোগী মহিপালের বখাটে রাজু দীর্ঘদিন পূর্ব হীরাপুর গ্রামে বসবাস করলেও সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সিলোনীয়া বাজারের লাকী রোডের ব্যবসায়ীরা তার বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ করেছেন।

 

 

জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন ভূঞা এই হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, জায়লস্কর ইউনিয়নে গুন্ডামী করে কেউ রেহাই পাবে না। আহত যুবকটির সুস্থ্যতা কামনায় তিনি সকলের দোয়া কামনা করেছেন।

 

 

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, বখাটে রেদোয়ানকে পুলিশ গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার মতামত লিখুন :