৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধিঃ>>>
রাজধানীর আগারগাঁও থেকে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ মোশারফ হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২।
সে অভিনব পন্থায় নারিকেলের ভেতর ইয়াবা ভরে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মোশারফকে আটক করা হয়।
র্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মো. রবিউল ইসলাম বলেন, র্যাব সদস্যদের দেখে মাদক ব্যবসায়ী মোশারফ আঁতকে ওঠে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় তাকে র্যাব সদস্যরা আটকে ফেলেন। তার সঙ্গে নারিকেলও ছিল।
ওই নারিকেলের গায়ে দাগ দেখে সন্দেহ হলে সেগুলো ভেঙে ভেতর থেকে ১০০টি পলিথিনে পেঁচানো ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, মাদক পাচারের জন্য মোশারফ অভিনব পন্থা অবলম্বন করে।
যাতে কেউ সন্দেহ করতে না পারে সেজন্য নারিকেলের ছোবড়ার একটি অংশ কেটে নারিকেলের পানি ফেলে দিয়ে পলিথিনে ইয়াবা পেঁচিয়ে তার ভেতরে ঢোকায়। পরে
ওই নারিকেলের কাটা ছোবড়া আঠা (গাম) দিয়ে লাগিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, আসামি মোশারফ জিজ্ঞাসাবাদে জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ইয়াবার চাহিদা বাড়বে। তাই চড়া দামে বেচার জন্য নারিকেলের ভেতরে ইয়াবা ঢাকায় আনে।
সে এর আগেও একাধিক চালান রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে। মোশারফের বাবার নাম মো. শাহজাহান। ঢাকার আশুলিয়ার বিয়ানীবাজারের কলকাসতী সর্বটেক এলাকার ইউসুফ আলীর বাড়িতে ভাড়া থাকে।



