ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ ও দুইজনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ ও অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী সোমবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির নাম টুটুল হোসেন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- আশরাফুল ইসলাম ও মোশাররফ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ জুলাই কুষ্টিয়া শহরের হরিশংকপুর এলাকায় দুর্বৃত্তরা ছাত্রলীগ নেতা শাহরুখ খান পিয়াসকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার পর গুলিবিদ্ধ পিয়াসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় নিহতের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামি টুটুল, আশরাফুল ও মোশাররফের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি সন্দোহীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
নিহত পিয়াস কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির তৎকালীন সহ-সভাপতি ছিলেন। পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও নিহতের পরিবার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।



