লাইনে দাঁড়িয়েও মিলছে না ওএমএসের চাল
পঞ্চগড়ে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল না পাওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
পঞ্চগড়ে করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য বিভাগ থেকে গেল রবিবার পঞ্চগড় জেলা শহরে ৮ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়।
সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ১০ টাকা করে এই চাল বিক্রি করছেন ডিলাররা। কিন্তু বরাদ্দ কম থাকায় খুব অল্প সংখ্যক মানুষই লাইনে দাঁড়িয়ে এই চাল কেনার সুযোগ পাচ্ছেন। এ নিয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাল না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে প্রতিবাদও জানিয়েছেন।
একই পরিবারে একাধিক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে ওএমএসের চাল কেনায় অনেকেই বঞ্চিত হচ্ছেন বলে জানান, পঞ্চগড়জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এদিকে, ভোলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় কর্মহীন শ্রমজীবীদের জন্য ১০ টাকা মূল্যের চাল খোলা বাজারে বিক্রি শুরু হয়েছে। তবে এই চাল বিক্রি করতে গিয়ে সামাজিক দূরুত্ব নিশ্চিত করা হচ্ছেনা। লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে চাল কিনছে ক্রেতারা।
খাদ্য বিভাগ জানায়, ভোলার পৌর এলাকায় চাল বিক্রির জন্য নির্ধারিত ১০টি স্পটে সপ্তাহে ৩ দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হচ্ছে ।
জিএসনিউজ/এমএইচএম/এএএন



