কামরুল’কে হত্যার নির্দেশের অভিযোগ: যুবদল নেতা মিনারের বিরুদ্ধে বিস্ফোরক ভিডিও প্রকাশ
ফেনীর সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলামকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদলকর্মী শাহাজাহান প্রকাশ্যে অভিযোগ তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে শাহাজাহান দাবি করেন, তাকে দিয়ে কামরুল ইসলামকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি এতে রাজি না হয়ে বিষয়টি প্রত্যাখ্যান করেন এবং প্রকাশ্যে প্রতিবাদ জানান। এর জের ধরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শাহাজাহান আরও দাবি করেন, সোনাগাজী মডেল থানার এসআই প্রদীপ বড়ুয়াকে ব্যবহার করে তাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। পুলিশি চাপ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। অনেকেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
ভিডিও টি দেখতে ক্লিক করুন…..
এ বিষয়ে অভিযুক্ত দাউদুল ইসলাম মিনারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে এসআই প্রদীপ বড়ুয়ার বক্তব্যও পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর হওয়ায় দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।

