‘বিবেকের তাগিদে ফেনীতে ছুটে যাচ্ছি’
পাভেল রহমান:>>>
রোকেয়া প্রাচীকে সবাই অভিনয়শিল্পী এবং নির্মাতা হিসেবেই চেনেন। জাতীয় পুরস্কার পাওয়া এই শিল্পীকে রাজপথের বিভিন্ন সভা-সমাবেশেও নিয়মিত দেখা যায়। এবার ভিন্ন এক অভিযানে নেমেছেন প্রাচী। নিজ জেলার নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ছড়িয়ে দিতে চান।
এ জন্য সপ্তাহের প্রায় তিন-চার দিন এখন ফেনীতেই কাটাচ্ছেন রোকেয়া প্রাচী। নিজ জেলার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তরুণদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে।
সম্প্রতি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেনীর ইয়ুথ জার্নালিস্ট ফোরামের আয়োজনে দুটি র্যালি ও আলোচনা সভায় অংশ নেন প্রাচী। একই দিন বিকেলে অংশ নেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনীর আরেকটি র্যালি ও আলোচনা সভায়। এর আগে পয়লা মে বিশ্ব শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন রোকেয়া প্রাচী।
তিনি বলেন, ‘শ্রমিক দিবস আমরা মুখেই বলি। কিন্তু কার্যত এ দিনটি সম্পর্কে তারাই জানেন না যারা নিত্য খেটে খাওয়া মানুষ। বিবেকের তাগিদ থেকেই ফেনীতে ছুটে যাচ্ছি, সেই মানুষগুলোর কাছে ছুটে গিয়েছি। তারা আমাকে সম্মান করে তাদের মধ্যমণি হিসেবে রেখেছেন এটা সত্যিই আমার জন্য অনেক বড় অর্জন।’
সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই মিডিয়াতেও ব্যস্ত রয়েছেন প্রাচী। বরেণ্য এই অভিনয়শিল্পী ও নির্মাতা এখন ‘আপন ঘর’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। এটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু। এর শুটিং শেষ পর্যায়ে রয়েছে।
‘পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বন্ধন দৃঢ় হলে এবং একে অপরকে ভালোভাবে জানলে সব ধরনের বিপদ মোকাবিলা করা সম্ভব। তাই পরিবারের সদস্যদের পরস্পর পরস্পরকে জানা খুব জরুরি। এমন গল্প নিয়েই ধারাবাহিক নাটকটি নির্মিত হচ্ছে। শিগগিরই এটি চ্যানেল আইতে প্রচার হবে।’ জানালেন রোকেয়া প্রাচী।



