মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা সুবিধা থাকবে: মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার:>>>
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ট সন্তান। তাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা থাকবে। তবে হয়তো সেটা পরিবর্তন হয়ে মেধাবীরা যাতে বেশি সুযোগ পায় সেই ব্যবস্থা করা হবে।
শনিবার দুপুরে কুষ্টিয়ায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলমের (আনিস) নামে জেলা পরিষদ বাস্তবায়নাধীন ভেড়ামারা-প্রাগপুর সড়কের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মুক্তিযোদ্ধারা নিজের জীবনবাজি রেখে বাংলাদেশকে শ্রেষ্ঠ উপহার দিয়ে গেছেন। তাদের সন্তানদেরকে সরকার মূল্যায়ন করতে চায়।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্ত্রী এসময় অভিযোগ করেন, হতে পারে প্রথম দিকে এই আন্দোলনের উদ্দেশ্য সৎ ছিলো। তবে পরবর্তীতে এটা উদ্দেশ্যমূলক ছিলো। এই আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজপথে আসার হীন প্রচেষ্টা চালিয়েছিলো।
বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম (আনিস) বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফের বড় ভাই।
দুপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক ভেড়ামারা-প্রাগপুর সড়কের হিসনা ব্রিজের পাশে নামফলক উন্মোচন করেন। এরপর তিনি ভেড়ামারা মহিলা কলেজের দ্বি-তল ভবনের নামফলক উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আলোচনায় অংশ নেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী, ভেড়ামরা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা প্রমুখ।



