আ’লীগ কার্যালয়ে উৎসবের আমেজ
স্টাফ রির্পোটারঃ>>>>>>>
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে। রোববার তৃতীয় দিনেও আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে।
অনেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। মনোনয়ন ঘিরে ধানমণ্ডি কার্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
রোববার সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় জমতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের লাইন দীর্ঘ হতে দেখা যায়।
এ সময় মনোনয়নপ্রত্যাশীরা একে অপরের সঙ্গে কুশলবিনিময় করছেন। কেন্দ্রীয় নেতাদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন নতুন মনোনয়নপ্রত্যাশীরা।
আজ মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মনোনয়ন ফরম কেনা কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনসহ অনেকে।
নির্বাচন কমিশন বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার থেকেই মনোনয়ন ফরম বিতরণ শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম দিনেই এক হাজার ৩২৮ মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দ্বিতীয় দিনে শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এক হাজার ৮৭২ মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।
শনিবার মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩২০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে; আর জমা পড়েছে ৪৬০।
এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
দলীয় মনোনয়ন ফরম বিক্রি মনিটরিং করছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।



