২ শর্তে সংলাপে বসতে রাজি ঐক্যফ্রন্ট
স্টাফ রির্পোটারঃ>>>>>
নির্বাচন পরবর্তী সংলাপে বসতে দুইটি শর্ত দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংলেপের এজেন্ডা জানলে সংলাপের ব্যাপারে ঐক্যফ্রন্ট ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’ একইসঙ্গে সংলাপের প্রেক্ষিতে একাদশ সংসদ নির্বাচনও বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
আজ সোমবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ দুটি শর্তের কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা অর্থবহ একটি সংলাপ চাই। কিন্তু গতবারের মতো সংলাপ হলে, তা অর্থবহ হবে না। শুধু সংলাপ ডাকলেই হবে না, সংলাপের এজেন্ডা আমাদের জানাতে হবে।
এ সময় একাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের অধিকার পুন:প্রতিষ্ঠা করতে হবে। আর জামায়াত নিয়ে ড. কামাল হোসেন যে বক্তব্য দিয়েছেন, তা তার দলীয় বক্তব্য। এ ব্যাপারে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে বিএনপি।
প্রসঙ্গত, গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোকে গণভবনে ডাকবেন। তবে কবে নাগাদ এ সংলাপ হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
এর আগে বেলা সোয়া ১২টায় সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তাদের মধ্যে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব প্রমুখ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ঐক্যফ্রন্ট নেতারা সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়ির উদ্দেশ্যে রওয়ান হন। সেখান থেকে বিকেলে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।



