বগুড়ায় হঠাৎ বিএনপি নেতার কলার চেপে ধরলেন ফখরুল!
স্টাফ রির্পোটারঃ>>>>
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ রকম একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে ঝগড়া করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। বগুড়ায় বিএনপি মহাসচিবের আগমন ও এ বিষয়ে দলীয় কর্মসূচি জানা না জানা নিয়ে ওই দুই নেতা একে অপরের প্রতি রুষ্ট হন। এ নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতির বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে তার ওপর চটে যান ফখরুল।
বুধবার দুপুরে বগুড়া শহরতলির গোকুল এলাকায় পাঁচতারকা হোটেল মম-ইনের লিফটে এ ঘটনা ঘটে। বিএনপির মহাসচিব ওই হোটেলে যাত্রা বিরতি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের কোন্দল আরও বেড়েছে। লিফটের মধ্যে মহাসচিবের সামনেই সাইফুল ও চাঁন বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে। তখন ফখরুল ইসলাম সভাপতি সাইফুলকে নিবৃত করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এতে উভয় নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। তবে কী কারণে তাদের মধ্যে এ অবস্থার সৃষ্টি হয় সে সম্পর্কে কেউ বলতে রাজি হননি।
ফোন বন্ধ রাখায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের বক্তব্য পাওয়া যায়নি। তবে সাইফুলের সমর্থক আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বগুড়ায় যান। তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।



