বিএনপির যুগ্ম-মহাসচিব পদে আসছেন নতুন মুখ !
নিজস্ব প্রতিবেদকঃ>>>
পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত আপাতত স্বপদেই বহাল থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিশেষ চমক থাকছে নতুন একটি পদ নিয়ে।
মির্জা ফখরুল ইসলামকে সহযোগিতা করার জন্য এবার বিশেষ যুগ্ম-মহাসচিব পদ তৈরী করে ঐ পদে বসানো হচ্ছে তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমানকে।
বিএনপিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে খালেদা জিয়া এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যে খালেদা জিয়ার এ মনোভাব জানিয়ে দেয়া হয়েছে তারেক রহমানকেও।
বিএনপির একটি সূত্র জানায়, কারাগার থেকে চিরকুটের মাধ্যমে বেগম খালেদা জিয়া তার মনোভাব পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। এরপর মির্জা ফখরুল বিষয়টি নিয়ে আলোচনা করেন খালেদা জিয়ার পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে। তাদের মধ্যে আলোচনায় আইনী বিষয়টি সামনে আসে।
জোবায়দা রহমান দেশে ফিরলে তাঁকে পড়তে হবে বেশ কয়েকটি আইনী জটিলতায়। এধরনের জটিলতা কাটিয়ে জোবায়দা রাজনীতিতে নিজেকে কতটুকু মানিয়ে নিতে পারবেন সে বিষয়গুলো নিয়েও বিশদ আলোচনা হয়। তবে সবাই একমত পোষণ করেন যে, খালেদা এবং তারেকের অনুপস্থিতে একমাত্র জিয়া পরিবারের কেউ এগিয়ে আসলে বিএনপির বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব।
আর সেক্ষেত্রে একমাত্র উজ্জ্বল সম্ভাবনা ডা. জোবায়দা রহমানের ক্ষেত্রে। তারেক রহমানের সহধর্মিনী হলেও মার্জিত, নম্র এবং ক্লিন ইমেজের অধিকারী ডা. জোবায়দা রহমান।



