ক্ষমতাসীনদের নির্দেশেই নুরুকে হত্যা করা হয়েছে_–বেগম খালেদা জিয়া

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৮ পিএম, ৩১ মার্চ ২০১৭

নিজেস্ব প্রতিবেদকঃ>>>

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নুরুকে ক্ষমতাসীনদের নির্দেশেই আইনশৃংখলা বাহিনী হত্যা করেছে।’ ৩০ মার্চ বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি। তিনি বলেন, নুরুল আলম নুরুকে পুলিশ আটক করেও অস্বীকার করে। পরে তাকে হত্যা করে মরদেহ চট্টগামের রাউজান উপজেলার দাগুয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীরে খেলাঘাট কৈয়াপাড়া এলাকায় ফেলে রাখা হয়। বাংলাদেশকে গোরস্থানে পরিণত করাই যেন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক লক্ষ্য। দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মৃত্যু বিভীষিকা ওঁৎ পেতে আছে। খালেদা জিয়া বলেন, দেশবিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত সরকারের বিরুদ্ধে তারুণ্যের দ্রোহকে নির্মূল করার জন্যই আওয়ামী সরকার জাতীয়তাবাদী শক্তির ছাত্র ও যুবকদের হত্যা করছে। যে সরকার বাক, চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতাসহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে, সেই সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে হত্যা করতে দ্বিধা করে না। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের মানুষ আজ রক্তহিম করা ভীতি এবং উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছে। চারিদিকে সংশয়-ভয়জনিত আর্তনাদ শোনা যাচ্ছে। রক্তাক্ত সহিংসতা আওয়ামী দুঃশাসনের প্রধান বৈশিষ্ট্য। এ সরকারের ক্রোধের প্রধান টার্গেট হচ্ছে যুবক ও তরুণরা। সরকারের এ ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতার করুণ শিকার হয়েছে নুরুল আলম নুরু। তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা টের পাচ্ছে না যে, তাদের অপকীর্তি ও অনাচারের জন্য তাদের দিকে মহাদুর্দিন এগিয়ে আসছে। এ পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বর্তমান সরকার রেহাই দিলেও সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। ত্রাস সৃষ্টি করে ক্ষমতার দাপটে জনগণকে ভয় পাইয়ে দেওয়ার অপকৌশল করে কোনো লাভ হবে না। নিহত ছাত্রদলনেতা নুরুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নিহতের পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। উল্লেখ্য, ৩০ মার্চ বৃহস্পতিবার কর্ণফুলী নদীর কাছে নুরুর মরদেহ পাওয়া যায়। এর আগে, ২৯ মার্চ বুধবার রাতে সাদা পোশাকে পুলিশ নুরুকে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানানো হয়েছিল নিহত নুরুর পরিবার থেকে।।

আপনার মতামত লিখুন :