মে দিবসে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পহেলা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে এই সমাবেশর অনুমতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। বৃহস্পতিবার সকালে বিএনপির একটি প্রতিনিধি দল সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল খায়ের ভুইয়া, জয়নুল আবেদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম।এ বিষয়ে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন জানান ‘আমাদের একটি প্রতিনিধি দল ডিএমপিতে গিয়েছিল। ডিএমপির পক্ষ থেকে জানানো আমাদেরকে ফের একটি আবেদন করতে বলা হয়েছে। আমরা আবার আবেদন জমা দিচ্ছে। আশা করি আমরা সমাবেশের জন্য অনুমতি পাবো। সেই অপেক্ষায় আছি।’
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন যে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করতে চায় বিএনপি।
তিনি বলেন, ‘শ্রমিক সমাবেশের জন্য ইতিমধ্যে অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনও অনুমতি পাওয়া যায়নি। তাই পরবর্তীতে ২ অথবা ৩ মে সমাবেশের জন্য ফের অনুমতি চাওয়া হয়েছে। প্রত্যাশা করি সরকার এ ব্যাপারে সহযোগিতা করবে। আমরা (বিএনপি) কোনো প্রকার দ্বন্দ্বে যেতে চাই না। বরং গণতন্ত্রের পথে সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায়। গণতান্ত্রিক পরিবেশ চাই।



