বাংলার জনগণ আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: রিন্টু আনোয়ার

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১২ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

ফেনী প্রতিনিধিঃ>>>>

ফেনীর সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার সকালে উৎসব কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক আবু তাহের মিয়াজীর সভাপতিত্বে ও সাবেক আহবায়ক মীর ইউছুপের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক ও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার।

 

বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম, দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এডভোকেট রবিউল হক রবি ও ফেনী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার। এ সময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক হাজী মো. আবু সুফিয়ান, সাবেক সদস্য সচিব মুজিবুর রহমান মানিক, মশিউর রহমান হেলাল, এবং ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবুল মজুমদার, চরমজলিশপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাংবাদিক এম.এ তাহের, বগাদানা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাসান রাজা চৌধুরী, মতিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. সাহাব উদ্দিন, চরদরবেশ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. আমিনুল হক ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মানিক মেম্বার। রিন্টু আনোয়ার বলেন- জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দল।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসন আমল ছিল উন্নয়ন ও শান্তির মডেল। যে কেউ ক্ষমতায় আসতে হলে হুসেইন মুহাম্মদ এরশাদকে লাগবে। বাংলাদেশের রাজনীতিতে এখনো এরশাদের বিকল্প রাজনৈতিক নেতা সৃষ্টি হয় নাই। বাংলার জনগণ আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে সর্বসম্মতিক্রমে আগামী ২০মে উপজেলা জাতীয় পার্টির সম্মেলনের তারিখ নির্ধারণ করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

 

এছাড়া মীর ইউছুপকে সমন্বয়ক করে ৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন ফেনী জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিভাবকহীন করে লাভে এবং লোভে জাতীয় পার্টি ছেড়ে চলে গেছেন। কিন্তু হুসেইন মুহাম্মদ এরাশাদের বিশ্বস্ত হাতিয়ার রিন্টু আনোয়ার নেতাকর্মীদের সুসংগঠিত করে নেতাকর্মীদের অভিভাবক হিসেবে দায়ীত্ব পালন করছেন। তাই আগামি নির্বাচনে ফেনী-৩ আসনে রিন্টু আনোয়ারকে সর্বশক্তি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :