তাৎক্ষণিক স্বার্থে পা দিলে তারুণ্যের দল ইনু–মেননদের কাতারে নেমে যাবে: সাজ্জাদ
তারুণ্যনির্ভর রাজনৈতিক শক্তি গণঅধিকার পরিষদ (GOP) ও জাতীয় নাগরিক পার্টি (NCP) যদি “বৃহত্তর স্বার্থের” নামে নব্য চাঁদাবাজ ও ক্ষমতালোভী রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে জোটে যায়, তাহলে তাদেরও সেই গোষ্ঠীর অপকর্ম, সন্ত্রাস ও চাঁদাবাজির দায়ভার বহন করতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্র নেতা সাজ্জাদ আল ইসলাম।
বুধবার (১৩ নভেম্বর) ফ্যাসিস্ট সরকারের লকডাউনের প্রতিবাদে আয়োজিত এক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাজ্জাদ আল ইসলাম বলেন, তারুণ্যের দলগুলোর অসীম সম্ভাবনা রয়েছে। যেসব দল এখনো বিকাশের আগেই মানুষের বিশ্বাস অর্জন করেছে, তারা ভুল জোটে গেলে ইনু-মেননদের মতো অজনপ্রিয় ও অপ্রাসঙ্গিক পর্যায়ে নেমে যাবে।
তিনি প্রশ্ন তোলেন,মাত্র দুই-চারটি আসন কনফার্মেশন বা দুইটি মন্ত্রণালয়ের লোভে কি কেউ জাতীয় স্বার্থের নামে তরুণ প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করবে? নাকি আপোষহীন অবস্থান ধরে রেখে নিজেদের আগামী নেতৃত্ব নিশ্চিত করবে—এটা খুব শিগগিরই পরিষ্কার হয়ে যাবে।
তিনি আরও বলেন, যে দলগুলো জোটে যাবে না, অন্যের ‘বিক্ষা দেওয়া’ আসন নেবে না এবং ক্ষমতার ভাগাভাগির প্রলোভনে আপোষ করবে না, তারাই ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে।
বর্তমানের সামান্য স্বার্থ ত্যাগ করলে তারুণ্যের দলগুলোই আগামী দিনে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে,—যোগ করেন তিনি।
সাজ্জাদ আল ইসলামের মতে, জনগণ আপোষহীন তরুণ নেতৃত্ব চায়। সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও নব্য দখলদারদের সঙ্গে জোট করে কোনো দলই মানুষের হৃদয় জয় করতে পারে না।

