বিএনপির পায়ের নিচে মাটি নেই-প্রধানমন্ত্রী

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪২ পিএম, ১০ জুন ২০১৭

ক্ষমতার উচ্চ শিখরে বসে জন্ম হয়েছে বলেই বিএনপির পায়ের নিচে কোনো মাটি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এই মাটি ও মানুষের মধ্য থেকেই আওয়ামী লীগের জন্ম, তাই এই দলটিই এ দেশের স্বাধীনতা এনে দিয়েছে, দিয়েছে অর্থনৈতিক মুক্তি। অন্য দিকে ক্ষমতা দখল করে বিএনপি এ দেশের জন্য অর্থনৈতিক দৈন্যতা এনে দিয়েছে। ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫-এর পর জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছে, আগে ক্ষমতায় আরোহণ, ক্ষমতায় বসে তারপর রাজনীতিবিদদের গালাগালি, আবার তারপর রাজনীতিতে অবতরণ এবং ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটির সৃষ্টি, সেই দলটি হচ্ছে বিএনপি। কাজেই এই দল কোনো মাটি থেকে গড়ে উঠে নাই। এই দল উঠেছে ক্ষমতার উচ্চশিখরে বসে।

কাজেই ক্ষমতার উচ্চশিখরে বসে যে দল তৈরি হয়, তারই পায়ের নিচে মাটি থাকে না বা মাটিতে শিকড় থাকে না, এটা হলো বাস্তবতা। এ কথাটা তার মনে রাখা উচিত।’ ‘আর দ্বিতীয় কথা, ক্ষমতায় তারা যখন ছিল, এ দেশকে কী দিয়েছে? দিয়েছে দৈন্যতা। বাঙালি জাতি, বিশ্বের দরবারে ভিক্ষার ঝুলি নিয়ে চলতে হয়েছে।’

আপনার মতামত লিখুন :