চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়িবহরে আ.লীগের হামলা: মির্জা ফখরুল-আমির খসরুসহ আহত ৪
অনলাইন রিপোর্ট :>>>>>
রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৪ জন আহত হয়েছে। এসময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
শনিবার সকাল ১০ টার দিকে বিএনপি মহাসচিবের গাড়িবহর রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে পৌঁছার পরই তারা এ হামলা চালায় বলে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন জানিয়েছেন।
মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেন, ২০-২৫ জন লোক অতর্কিতে গাড়িবহরে লাঠিসোঁটা, রামদাসহ হামলা করে। আমার গাড়ির কাচ ভেঙে গেছে। গাড়ি তছনছ করা হয়েছে। গাড়ির ভাঙা কাচ আমার শরীরে এসে লেগেছে। আমাদের কয়েক নেতা আহত হয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমার হাত দিয়ে রক্ত ঝরছে।



