সহায়ক সরকারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে:আমির খসরু
খুলনা প্রতিনিধি:>>>>>
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সহায়ক সরকারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। দলীয় প্রধান বেগম খালেদা জিয়া দেশে ফিরলেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরা হবে।
শনিবার দুপুরে খুলনা মহানগরীর হোটেল টাইগার গার্টেনে খুলনা মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নেয়নি তাতেই সরকার ভীত হয়ে পড়েছে। আমরা এখনও নির্বাচনের কাজ শুরু করিনি। শুধু ইঙ্গিত দিয়েছি নির্বাচনে যাবো। সরকার জনসমর্থন হারিয়েছে। আমরা নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল নয়, আমরা জনগণের ওপর নির্ভরশীল। আর এ জন্যই আমাদের আন্দোলন চলছে। জনগণকে ভোটাধিকার প্রয়োগের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।তিনি দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে একত্রিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য কুমার অমিত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন।
মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে জেলা সভাপতি শফিকুল আলম মনা, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর আহ্বায়ক আজিজুল হাসান দুলু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার বাইরে সদস্য সংগ্রহ অভিযান এই প্রথম। দুই মাসব্যাপী কর্মসূচিতে লক্ষাধিক সদস্য সংগ্রহের টার্গেট করেছে খুলনা বিএনপি। ২০০৯ সালে সর্বশেষ সদস্য সংগ্রহে ২৫ হাজার সদস্য দলে তালিকাভূক্ত হন।



