স্টাফ রিপোর্টার:>>>>>
আগামী ১৫ সেপ্টেম্বর দেশে ফিরছেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । প্রায় দু’মাস দেশের বাইরে অবস্থান শেষে তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছে লন্ডন বিএনপি সূত্র।
এর আগে ঈদুল আযহা পর ৪ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিলো বেগম খালেদা জিয়ার। তবে আগামী ১০ সেপ্টেম্বর তার চোখ ও হাটুর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ার কারণে দেশে ফেরায় বিলম্ব হবে বলেও সূত্র জানায়।
এছাড়া ১২ সেপ্টেম্বর যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সনের। এসকল কার্যক্রম সম্পন্ন করেই তিনি দেশে ফিরছেন।
এদিকে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লন্ডন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।



