‘আ’লীগ আবার ক্ষমতায় না আসলে জাতির দুর্ভোগ আছে’
আওয়ামী লীগ সরকার যদি আবার ক্ষমতায় আসতে না পারে তাহলে জাতির কপালে দুর্ভোগ আছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক অনু্ষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নবীন বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর রক্তের পবিত্র স্রোত বহমান। শেখ হাসিনার পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় আসার নমুনা হচ্ছে নাবালক মেয়ে আর মাকে এক সাথে ধর্ষণ করা। তাই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম কাজ হচ্ছে পড়াশোনা। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হয় বা সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না। র্যাগিংয়ের মত অপসংস্কৃতি, জঙ্গিবাদ ও মাদকের বিষাক্ত ছোবল থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আজহারুল আরাফাত, প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, শাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান খান প্রমুখ।



