রমজানে অসহায়দের পাশে মধ্যম সুলতানপুর আদর্শ ফাউন্ডেশন

অর্ধ-শতাধিক পরিবারে পৌঁছে দেওয়া হলো ইফতার সামগ্রী

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ইফতার হোক সবার জন্য, হাসি ফুটুক সকল রোজাদারদের মুখে এই মানবিক প্রতিজ্ঞাকে বাস্তবে রূপ দিতে পবিত্র মাহে রমজানে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মধ্যম সুলতানপুর গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যম সুলতানপুর আদর্শ ফাউন্ডেশন।

সম্প্রতি সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা অর্ধ-শতাধিক পরিবারের জন্য ইফতার সামগ্রীর প্যাকেট প্রস্তুত করে অসহায়, বৃদ্ধ, বিধবা ও কর্মহীন পরিবারগুলোর মাঝে বিতরণ করেন। সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রীর প্যাকেটগুলো এলাকার নির্ধারিত পরিবারগুলোর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিটি প্যাকেটে রোজাদারদের সেহরি ও ইফতারের কথা বিবেচনায় রেখে চাল, ডাল, খেজুর, ছোলা, মুড়ি, চিনি, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের অর্থ সম্পাদক আব্দুর রহিম মিয়াজি জানান, এলাকায় এমন অনেক পরিবার রয়েছে যাদের কোনো নির্ভরযোগ্য উপার্জনের পথ নেই। রমজান মাসে এ ধরনের পরিবারগুলোর কষ্ট বহুগুণে বেড়ে যায়। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার ডাকে সাড়া দিয়েই প্রতি বছর এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু রমজান মাসেই নয়, সারা বছর বিভিন্ন দুর্যোগ ও সংকটকালীন মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে সংগঠনের মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।

এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের সক্ষম ব্যক্তিদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শুধু ইফতার বিতরণেই সীমাবদ্ধ নয় মধ্যম সুলতানপুর আদর্শ ফাউন্ডেশনের কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্নমুখী সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে।

এলাকার গুরুতর অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে সংগঠনটি সক্রিয় ভূমিকা রেখে আসছে। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।

আর্থিক দৈন্যের কারণে যেসব পরিবার বিবাহের ব্যয় বহনে অপারগ, তাদের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালন করছে ফাউন্ডেশনটি। এই উদ্যোগ অনেক হতদরিদ্র পরিবারে আনন্দের আলো জ্বেলেছে।

এলাকার তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুপথে পরিচালিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এলাকার কবরস্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন। এই কার্যক্রমটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মানের প্রতিফলন ঘটিয়েছে।

রোদ-বৃষ্টিতে ক্লান্ত পথচারীদের জন্য বসার ও বিশ্রামের সুবিধা তৈরি করেছে সংগঠনটি। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগটি পথিকদের কাছে বিশেষ প্রশংসা পেয়েছে।

উল্লেখ্য, মধ্যম সুলতানপুর আদর্শ ফাউন্ডেশন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মধ্যম সুলতানপুরে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মতামত লিখুন :