নবাবপুরে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
ফেনীর সোনাগাজী উপজেলা-এর নবাবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাজিরপুর এলাকায় প্রায় শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। জাহেদা ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবপুর ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মানবিক কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান, সহকারী সেক্রেটারি, সোনাগাজী উপজেলা এবং আমীর, নবাবপুর ইউনিয়ন। তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।” তিনি জাহেদা ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুমিনুল হক। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন।
স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


