ফেনী-সোনাগাজীর রাস্তা ইট-বালু দিয়ে চলছে জোড়াতালির সংস্কার
মেহরাব হোসেন মেহেদীঃ>>>
ফেনী-সোনাগাজীর ২০ কিলোমিটার রাস্তা ইট-বালু দিয়ে চলছে জোড়াতালির সংস্কারের কাজ। বুধবার বেলা ১১টার দিকে ফেনী-সোনাগাজী সড়কে ঘুরে এ চিত্র দেখা গেছে।
ফেনী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ রাস্তা সংস্কারের দায়িত্বে রয়েছে। সওজের এমন নিম্নমানের কাজ দেখে স্থানীয়দের অভিযোগ, লোকদেখানো কাজ চলছে। অল্প কয়েকদিনেই রাস্তা নষ্ট হয়ে আগের অবস্থায় ফিরে যাবে।
এদিকে, এ সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট থাকায় পানি নিষ্কাশনের কোনো পথ নেই। ফলে অল্প বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে যায়। এতে করে যানবাহন চলাচলসহ সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
এদিকে, ফেনী শহরের ওপর দিয়ে যাওয়া ফেনী-চট্রগ্রাম মহাসড়কটি ফেনী শহর দিয়ে স্থল বন্দরগামী পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। সড়কের এ বেহাল দশার কারণে এ রুটে চলাচলকারী যানবাহন যেকোনো দুর্ঘটনায় পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
এসব বিষয়ে বিভাগীয় সওজের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল ফোনের লাইন কেটে দেন।



