যিশুকে নিয়ে লেখা মহাত্মা গান্ধীর চিঠি নিলামে
যিশুখ্রিষ্টের বিষয় উল্লেখ করে মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে নিলামে উঠতে যাচ্ছে। ১৯২৬ সালের ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে ওই সময়ের খ্রিষ্টধর্মীয় নেতা মিলটন নিউবেরি ফ্রানজকে চিঠিটি লিখেন ব্রিটিশ শাসনবিরোধী অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী।
শুক্রবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, চিঠিতে যিশুকে ‘মানবতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক’ বলে অভিহিত করেন মহাত্মা গান্ধী। ওই চিঠিটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তা ৫০ হাজার ডলারে (প্রায় সাড়ে ৪১ লাখ টাকা) কিনে নেয় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াভিত্তিক রাব কালেকশন নামের একটি প্রতিষ্ঠান।
ফ্রানজ খ্রিষ্টধর্মের ওপর প্রকাশিত একটি প্রকাশনার গ্রাহক হতে গান্ধীকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন। এর জবাবে গান্ধী ওই চিঠি লেখেন ভারতের গুজরাট রাজ্যে তাঁর সবরমতী আশ্রম থেকে। চিঠিতে তিনি যিশুকে ‘মানবতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে আখ্যায়িত করেন। মহাত্মা গান্ধী সনাতন ধর্মীয় দর্শন ও শিক্ষা নিয়ে লেখালেখি করেছেন।

ফ্রানজকে লেখা চিঠিতে গান্ধী লিখেন, ‘প্রিয় বন্ধু, আমি আপনার চিঠি পেয়েছি। আমি আশঙ্কা করছি, চিঠিতে আমাকে যে প্রকাশনার গ্রাহক হতে বলছেন, তা সম্ভব না-ও হতে পারে। কারণ একজন গ্রাহক হিসেবে ওই বিষয়টির ওপর আমাকে বিশ্বাস করতে হবে। কিন্তু যিশু মানবতার অন্যতম একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন—এই বিশ্বাসের বাইরে গিয়ে আমি কোনো চিন্তা করতে পারি না।’
রাব কালেকশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘গবেষণা বলছে যে এর আগে যিশুকে উল্লেখ করে লেখা গান্ধীর কোনো চিঠি কখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।’
এর আগে বিভিন্ন সময়ে মহাত্মা গান্ধীর চিঠিসহ ব্যবহার্য বেশ কিছু জিনিস নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়েছে।



