রোহিঙ্গা বহনকারী ৭ নৌকা ফেরত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩৯ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

হোয়াইক্যংয়ের খারাংখালী ও হ্নীলার ফুলের ডেইল পয়েন্ট থেকে সোমবার সকালে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুটি পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে অভ্যন্তরে ফেরত যেতে বাধ্য করে।

প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে সাতটি নৌকায় ৭০ জনের বেশি রোহিঙ্গা ছিল বলে জানান বিজিবি কর্মকর্তা মেজর রাসেল।

তিনি বলেন, ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী ৬০টির বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তার পরও সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কীভাবে হত‌্যা-নির্যাতন-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গা।

আপনার মতামত লিখুন :