খেলতে বাধা দেওয়ায় ছাত্রের ঘুষিতে নাক ফাটলো শিক্ষকের
ফেনী প্রতিনিধি:>>>
ফেনীতে পরীক্ষা চলাকালীন সময়ে কলেজ সংলগ্ন মাঠে খেলতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষকের উপর হামলা চালায় ছাত্ররা। একপর্যায়ে ছাত্রের ঘুষিতে কলেজ শিক্ষক আহমেদ আলী বিভোরের নাক ফেটে যায়। এ ঘটনায় উপস্থিত শিক্ষক ও ছাত্ররা হামলাকারি ১ ছাত্রকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। সে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রবিবার (৭ অক্টোবর) কলেজের সাবেক প্রশাসনিক ভবনের ১০৩ নম্বর হলে পরীক্ষা চলছিল। ওই সময় কলেজ সংলগ্ন সরকারি পাইলট হাই স্কুল মাঠে কলেজ ছাত্র জাবেদ জাহান হৃদয়, নোমান ও কম্পিউটার ইনস্টিটিউটের ছাত্র মিরাজসহ একদল ছাত্র ফুটবল খেলছিল। কয়েকজন শিক্ষক মাঠে এসে ছাত্রদের খেলতে নিষেধ করে। এতে শিক্ষকদের উপর ক্ষিপ্ত হয়ে তারা পরীক্ষার হলে গিয়ে শিক্ষকদের ওপর হামলা চালায়।
এসময় উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক আহমেদ আলী বিভোর গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, মিরাজের ঘুষিতে আহমেদ বিভোরের নাক ফেটে যায়। পরে উপস্থিত ছাত্র শিক্ষকরা ওই ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে। হামলাকারি অন্য ছাত্ররা পালিয়ে যায়। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর, গণিত বিভাগের জহিরুল ইসলাম ও হিসাববিজ্ঞান বিভাগের ওয়াসিম পাটোয়ারিকে রাখা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



