ফেনীতে নবনির্মিত জেলা কারাগার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্টাফ রির্পোটারঃ>>>
ফেনীতে নবনির্মিত জেলা কারাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
১৭২ জনের স্থলে ৮৯৩ জন বন্দী রয়েছে ফেনী জেলা কারাগারে। অতিরিক্ত বন্দীর চাপে গাদাগাদি করে অনেক কষ্টে দিন পার করছিলেন বন্দীরা। এতে বন্দীদের কষ্টের ইতি ঘটে তারা পরিশুদ্ধ জীবন গঠন করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফেনী শহরতলীর রানীরহাট এলাকায় সাড়ে সাত একর জমির ওপর এই নতুন কারাগার নির্মাণ করা হয়েছে। কারাগারটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। তবে কবে থেকে কারাগারটিতে কয়েদিদের রাখা হবে সে বিষয়টি এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা কারাগারসহ ৩টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন করা প্রকল্পগুলো হলো-৩৫০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন জেলা কারাগার, ফেনী সদর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও ২৮টি ইউনিয়ন পরিষদের উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট কানেক্টিভিটি।
এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী শারমিন আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবময় দেওয়ানসহ জেলার গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



