জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
স্টাফ রির্পোটার:>>>
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার তিনটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। গ্রাম তিনটির নাম হলো চানপুর চকপোস্তুম, বালুগ্রাম ও শিমুলতলা। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এ কে এম এনামুল করিম ও র্যাব-৫-এর সিপিসি ১-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন এ তথ্য জানায়।
ঘিরে রাখা বাড়িগুলোতে বিস্ফোরক আছে বলে দাবি করছে র্যাব। মহিউদ্দিন জানান, টিনশেড বাড়ি তিনটির দরজা বাইরে থেকে বন্ধ করে র্যাব কিছুটা দূরে অবস্থান নিয়েছে।
এনামুল করিম বলেন, ‘মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাতে জঙ্গিবিরোধী অভিযানে তিন জঙ্গিকে আটক করা হয়। তাদের কাছ তিন কেজি গান পাউডার, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। এই তিন জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, এই তিনটি বাড়িতে জঙ্গিরা রয়েছে।’
এনামুল করিম জানান, ঘিরে রাখা বাড়ি তিনটির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলেই পৌঁছালেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



