ফেনীতে যুবলীগ নেতা হত্যায় চেয়ারম্যানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা
ফেনী প্রতিনিধি:>>>
ফেনী সদরের ধর্মপুরে যুবলীগ নেতা রেজাউল হত্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৩১ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) রাত দশটার দিকে ফেনী মডেল থানায় নিহতের পিতা আব্দুল হক বাদি হয়ে এই মামলা দায়ের করেন। অন্যদিকে, একই ঘটনায় রাতে ইউপি কার্যালয় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আলাদা আরও দু’টি মামলা দায়ের হয়েছে।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসাসি আনোয়ার হোসেন সোহেলকে আদালাতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়।
ওসি রাশেদ খান চৌধুরী জানান, এই মামলায় ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহাদাত হোসেন শাকাকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, স্থানীয় ধর্মপুর ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ড, এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় ফেনি মডেল থানায় আলাদা দু’টি মামলা হয়েছে রাতে।
থানার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দু’টি মামলায় স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আজাহারুল হক আরজুকে প্রধান করা হয়। মামলা দু’টিতে ৫০জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২৮ জুন) বেলা ১১টার দিকে ফেনীর ধর্মপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ নেতা রেজাউল করিমের (৩৫) ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেজাউলের মৃত্যুর খবরে ওইদিন দুপুরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর চালায়। এসময় দু’টি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সালাহ উদ্দিন ও আনোয়ার হোসেন সোহেল নামে দুই জনকে আটক করে পুলিশ।



