ফেনীতে শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন,গৃহকর্ত্রী পলাতক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৯ এএম, ১০ জুলাই ২০১৭

ফেনী প্রতিনিধি :>>>>

১০ বছরের শিশু আমেনা।ফেনী শহরের বিরিঞ্চি এলাকার সামছু মিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজ নেয়। সেখানে গৃহকর্তীর নিষ্ঠুরতার শিকার হয়ে সারা পিঠ ঝলসে যায় তাঁর। শনিবার রাস্তায় দেখে স্থানীয় লোকজন তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।ফটোসাংবাদিক দুলাল তালুকদার নির্যাতিতা শিশুটির পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। দুলাল জানায়, মেয়েটি গৃহকর্তীর নাম আফরোজা ম্যাডাম ছাড়া আর কিছু বলতে পারেনি।

ওই স্ট্যাটাসের সূত্র ধরে সহকর্মী সাংবাদিকরাও তৎপর হয়। একপর্যায়ে রবিবার রাতে সদর হাসপাতালে ছুটে যান ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং। ততক্ষনে শিশুটির স্বজনরাও হাসপাতালে পৌঁছে যান। পরিচয় মেলে গৃহকর্তী আফরোজার।জানা গেছে আফরোজা ফেনী শহরের আনন্দ কমিউনিটি সেন্টারের মালিক সামছু মিয়ার স্ত্রী।পরে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং এর নেতৃত্বে আফরোজার বাসায় অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় গৃহকর্তী আফরোজা ও তার পরিবারের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং জানান, গৃহকর্তী আফরোজাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. অসিম কুমার সাহা জানান, ঘটনাটি শুনে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী তার খোঁজ খবর নিয়েছেন। নির্যাতিতা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :