ফেনী পৌর এলাকার পিচের রাস্তায় ইটের দায়সারা মেরামত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৬ পিএম, ১২ জুলাই ২০১৭

এম.এমরান পাটোয়ারীঃ>>>

ফেনী পৌর এলাকার রাস্তা গুলো নির্মাণ কালে নিন্ম মানের কাজ করায় স্বল্প সময়ের ব্যবধানে ঐ সকল রাস্তার পিচ এবং কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে মানুষ জনের যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

 

বিশেষ করে চলতি বর্ষায় এ সকল রাস্তা গুলোর বেহালদশা বিরাজ করছে। মাঝে মধ্যে কিছু কিছু পাকা রাস্তা গুলোর খানা-খন্দক ও গর্তের মধ্যে ভাঙ্গা ইট দিয়ে জোড়া তালি দেয়ায় সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। অবস্থা দৃষ্টে মনে হয় এ যেন “মরার উপর খাড়ার ঘা” ফেনী পৌর এলাকার প্রায় সব ওয়ার্ড ঘুরে এ চিত্র দেখা গেছে।

 

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে প্রতি বছর বাজেট ঘোষণার পর পৌর এলাকার বাস্তা গুলো সংস্কার কিংবা পুন নির্মাণ কাজ শুরু হয়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সড়ক উন্নয়নের যে কাজ করা হয় তা ৬ মাসের মধ্যে নষ্ট হয়ে খানা-খন্দে পরিণত হয়। পুনরায় বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান নাম মাত্র সংস্কার করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ আছে।

 

গত ১০ জুলাই সোমবার ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে মহিপালের ১৬নং ওয়ার্ডের মোহাম্মদ আলী সড়ক, মিজান রোড, ট্রাংক রোডের লাল পোল থেকে বড় মসজিদ পর্যন্ত, ফেনী সরকারি বালিকা বিদ্যালয় গেইট থেকে কুমিল্লা বাস স্ট্যান্ড পর্যন্ত ৭নং ওয়ার্ডের কলা বাগান এলাকা রোড, একাডেমী এলাকায় ফারুক হোটেলের সামনে থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত মনে হয় যেন রাস্তার কোন অস্তিত্তও নেই এখানে।

 

এসকল পথের পুরো অংশই বড় বড় গর্ত, খানা-খন্দক, এবড়ো থেবড়ো রাস্তায় মানুষ জনকে দোয়া-কালাম পড়তে পড়তে যেন পুলসিরাতের রাস্তা পার হওয়ার অবস্থা।

 

বিশেষ করে হার্ট এ্যটাকের রোগী ডায়াবেটিস আক্রান্ত রোগী, গর্ভবতী মহিলা এবং বয়োবৃদ্ধদের এসকল রাস্তায় টমটম, রিক্সা ও সিএনজিতে যাতায়াত করা কালে প্রাণ চলে যাওয়ার অবস্থা বিরাজ করে।

 

এলাকাবাসি ও বিভিন্ন পরিবহন চালকরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর বর্ষার মৌসুমে এসকল পাকা রাস্তা গুলোতে বড় বড় গর্ত হলে ইটের সলিং বসিয়ে কিংবা ইট ভাঙ্গা দিয়ে গর্ত ভরাট করে সংস্কার কাজ সেরে ফেলেন। পাকা রাস্তায় যে সকল উপকরণ ব্যবহার করে সংস্কার করার কথা সে সকল উপকরণ ব্যবহার না করে গ্রামের মাটির রাস্তার মত ইট বসিয়ে সংস্কারের পুরো অর্থই সংশ্লিষ্ট কাজের ঠিকারদারগণ লোপাট করে নিয়ে যায়।

 

এ ব্যপারে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের গাফলতি এবং উদাসীনতা কোন অংশে কম নয়। পৌর এলাকার খানা-খন্দকে ভরা এ সকল রাস্তায় চলাচল করা ইজি বাইক, টমটম, রিক্সা এবং সিএনজি চালকরা জানান, পিচের রাস্তার উপর গর্তের মধ্যে ইটের সলিং বসিয়ে গর্ত ভরাট করায় পরিবহনের দূর্ভোগ আরো বেড়ে গেছে। প্রতিনিয়ত এসকল পরিবহনের দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। যে কারনে তাদের লাভের চাইতে লোকসান হচ্ছে প্রতিদিন।

 

ফেনী শহরের খানা-খন্দকে ভরা সংশ্লিষ্ট রাস্তায় চলাচল কারী বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক, চালক, ও যাত্রী সাধারণ এ ব্যপারে পৌর কর্তৃপক্ষ, সওজ, এবং এলজিইডি, কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছে। তাদের দাবী পিচ ঢালা রাস্তায় ইটের সলিং না বসিয়ে কিংবা গর্তের মধ্যে ইট ভাঙ্গা না দিয়ে নিয়মানুযায়ী গর্তভরাট ও রাস্তা সংস্কারের বিষয় নিশ্চিত করা হোক।

আপনার মতামত লিখুন :