পথচারীকে চাপা দিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, চালক সহ নিহত ২
নিজস্ব প্রতিনিধি:>>>>
নড়াইলের পৌর এলাকার রুপগঞ্জ-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা দক্ষিণপাড়া মন্দিরের কাছে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান শাওন (১৫) সদর উপজেলার বাশভিটা গ্রামের সোহেল আহম্মেদের ছেলে। আর শ্যামলী বিশ্বাস (৭৪) পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের বনমালী বিশ্বাসের স্ত্রী।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে ভাদুলীডাঙ্গা দক্ষিণপাড়া মন্দিরের কাছে রুপগঞ্জ-মুলিয়া সড়কে মোটরসাইকেল চালক মাহমুদুল হাসান শাওন শ্যামলী বিশ্বাসকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে চালক শাওনের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত শাওনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা দেন।



