ফেনীতে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত
ফেনী প্রতিনিধি:>>>
ফেনীতে ট্রাক চাপায় কবির আহম্মদ (৪০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের মিফতাহুল ফালাহ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত কবির বেসরকারি সংস্থা আশায় সোনাগাজীর কুঠিরহাট শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরে বলে প্রাথমিকভাবে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোনাগাজী বাসস্ট্যান্ড সংলগ্ন মিফতাহুল মাদ্রাসা নামক স্থানে সাড়ে ১০টার দিকে চট্টগ্রামগামী একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী কবির (৪০) নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ট্রাক চাপায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।



