ফেনীতে দেড়শো কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ হলেও জনগণের কোন কাজেই আসছে না
দিলদার হোসেন স্বপন, ফেনী থেকে:>>>
প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হলেও, কোন কাজেই আসছে না। বরং প্রতিবছরই প্লাবিত হচ্ছে ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার অনেক এলাকা।
স্থানীয়দের অভিযোগ, সঠিকভাবে নির্মাণ করা হয়নি এই বাঁধ। আর ত্রুটির কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রসাশন আশ্বাস দিলো, স্থায়ী সমাধানের।
প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়, ফেনীর মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। উদ্দেশ্য ছিল পাহাড়ি ঢল থেকে রক্ষা ও অতিরিক্ত আরও ৪১ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ রয়েছে, বাঁধ নির্মাণে সঠিক নিয়ম মানা হয়নি। তাই প্রতিবছরই ভাঙছে এই বাঁধ।
এছাড়া, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দীর্ঘদিন ড্রেজিং না করা ও বিভিন্ন স্থানে ব্লক না বসিয়ে বাধ নির্মাণের কারণে প্রতিবছর প্লাবিত হচ্ছে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়াসহ সদর উপজেলার অনেক এলাকা।
বাঁধটিতে ত্রুটির কথা স্বীকার করলো পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রসাশনও। আশ্বাস দিলেন স্থায়ী সমাধানের। প্রতিবছর বন্যার দুর্ভোগ থেকে রেহাই পেতে স্থায়ী সমাধান চান ফেনীবাসী।



