মাকে বাড়ি থেকে তাড়ালেন ছেলে!
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:>>>
বছর কয়েক আগে কৌশলে মায়ের জমি লিখে নেন ছেলে। হাতিয়ে নেন ৩০ হাজার টাকাও। এরপর থেকেই মায়ের ওপর অত্যাচার শুরু। একপর্যায়ে মাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছেন ছেলে। এ ঘটনা ঘটে বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামে।
ওই ঘটনায় গতকাল মঙ্গলবার গৌরনদী মডেল থানায় মামলা করেছেন মা। তাঁর নাম রেনুয়া বেগম (৭৫)। ছেলের নাম নুরুজ্জামান সরদার (৪৫)। তাঁদের বাড়ি নাজিরপুর শংকরপাশা গ্রামে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, রেনুয়া বেগমের স্বামী সেকান্দার সরদার ১০ বছর আগে মারা যান। এরপর তিনি ছেলে নুরুজ্জামানের সঙ্গে বসবাস করছিলেন। কিছুদিন আগে কলহের জের ধরে রেনুয়া বেগমকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি দূরসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন।
রেনুয়া বেগম বলেন, ছেলে নুরুজ্জামান সরদার কয়েক বছর আগে কৌশলে তাঁর দেড় বিঘা সম্পত্তি লিখে নেন। একই সঙ্গে তাঁর গচ্ছিত ৩০ হাজার টাকাও হাতিয়ে নেন। এরপর থেকে নুরুজ্জামান ও তাঁর স্ত্রী খারাপ আচরণ শুরু করেন। বিভিন্ন অজুহাতে তাঁকে মারধর করা হয়। এ কারণে গত ৩০ জুলাই তিনি নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে বিচার চান। এতে নুরুজ্জামান আরও ক্ষিপ্ত হন। সর্বশেষ গত শনিবার তাঁকে তাড়িয়ে দেওয়া হয়।
রেনুয়া বেগম বলেন, ‘মুই চেয়ারম্যানের ধারে বিচার দিছি দেইখ্যা হেই অপরাধে মোরে বাড়ি থেকে বাইর কইররা দিছে।’ এ অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামান সরদার বলেন, ‘মা নিজেই চলে গেছেন। তাঁকে বের করে দেওয়া হয়নি।’
জানতে চাইলে নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি এক সপ্তাহের মধ্য নুরুজ্জামানকে হাজির হতে নোটিশ দেন। কিন্তু নুরুজ্জামান আসেননি।



