ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত তূর্ণা এক্সপ্রেসের ইঞ্জিন
স্টাফ রিপোর্টারঃ>>>>
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর পৌনে ৪টার দিকে ব্রাহ্মবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মৌড়াইল রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। তবে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর পৌনে ৪টার দিকে ছেড়ে যাওয়ার পর মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে অপর একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত তিনটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তূর্ণা।
তিনি আরও জানান, আমার সংকেত না পেয়েই চালক ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। আখাউড়া লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন-বগিগুলো উদ্ধারে কাজ করছে।



