খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
স্টাফ রিপোর্টার:>>>
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে খাগড়াছড়িতে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
এর আগে গতকাল রোববার খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ হরতালের ডাক দেয়। শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ পালন করার কথা রয়েছে।
সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সড়কসহ শহরের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালায় হরতাল সমর্থকরা।
হরতালে বন্ধ রয়েছে শহরের দোকানপাট। চলাচল করছেনা জেলা শহর থেকে আভ্যন্তরীণ সড়কের যানবাহন। জেলা থেকে ছেড়ে যায়নি দূর পাল্লার রুটের পরিবহনও।
এছাড়া হরতাল চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে পুলিশি ব্যবস্থা।
এর আগে রোববার প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ থেকে স্বনির্ভর বাজার পর্যন্ত যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
এদিকে গতকাল সকালে জেলা পরিষদের হলরুমে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম হয়নি। মিথ্যা অভিযোগে আন্দোলন করছেন বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও পৌরসভার মেয়র রফিকুল আলমসহ জনপ্রতিনিধিরা।
সেসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার কমিটিতে থাকতে না পেরেই তারা এ আন্দোলনে নেমেছেন। জনপ্রতিনিধিরা সরকারেরও প্রতিনিধি। তারা কখনো সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মসূচি দিতে পারেন না। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সরকারের প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানকে ঘেরাও কর্মসূচি দিয়ে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।



