যৌতুকের মামলায় নৌবাহিনীর কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

নিজেস্ব প্রতিনিধিঃ>>>

যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলায় বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ঢাকার আদালত। লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আলম খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ বুধবার দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর সফিউল আজম।

তানভীরের বাবা, মা ও ভাইকেও ট্রাইব্যুনালে তলব করে সমন জারির আদেশ দেওয়া হয়েছে। তানভীরের স্ত্রী পেশায় চিকিৎসক ওই নারী চলতি বছরের জুন মাসে এই মামলাটি করেন। ২০১১ সালে তার সঙ্গে নৌবাহিনীর এই কর্মকর্তার বিয়ে হয়।

 

মামলায় অভিযোগ করা হয়, বাদীর পৈত্রিক সূত্রে পাওয়া ফ্ল্যাট ও গাড়ি তানভীরের নামে লিখে দিতে এবং ৫০ লাখ টাকা যৌতুক দিতে নির্যাতন চালানো হচ্ছিল।

 

যৌতুক ও বাড়ি-গাড়ি লিখে না দেওয়ায় গত বছরের ১৪ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় তানভীর এবং তার মা-বাবা মারধর করলে বাদী অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে মামলায় বলা হয়।

 

বাদী বলেন, পরদিন তিনি তার বাবা-মায়ের সাহায্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৬ সালের ১৫ অক্টেবরে একই কারণে তাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল বলেও জানান এই নারী।

 

তিনি বলেন, এরপর উভয় পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যস্থতায় আসামিরা ক্ষমা চেয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়ে তাকে ঘরে ফিরিয়ে নিয়েছিলেন।

 

কিন্তু তাতেও ফল না হওয়ায় এই নারী আলাদা বাসায় উঠেছিলেন। তানভীর সেখানে গিয়ে গত বছরের ২৫ জুন ফের যৌতুকের দাবিতে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

 

এরপর এই নারী নারী ও শিশু নির্যাতন টাইব্যুনালে মামলা করলে তাকে ভিকটিম সাসোর্ট সেন্টারে পাঠিয়ে তদন্তের আদেশ দেন বিচারক। ওই তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় বুধবার বিচারক মামলা আমলে নিয়ে তানভীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য আসামিদের তলব করেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মিথুন মজুমদার।

 

ফলে তানভীর আলমের মা হোসনে জাবিন, বাবা বদিউল আলম খান ও ভাই শাহরিয়ার আলম খানকে আদালতে হাজির হতে হবে। এই মামলায় পরিবেশও বন মন্ত্রণালয়ে সাবেক সচিব আহবাব আহমেদসহ আটজন সাক্ষী রয়েছেন।

আপনার মতামত লিখুন :