বাংলাদেশ থেকে অধিক হারে কর্মী নেবে মরিশাস

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ>>>>
মরিশাসে বর্তমানে ২৩ হাজার ২৬৩ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন। বিদেশি হিসেবে দেশটিতে এটিই সর্বোচ্চ সংখ্যক। বিদেশি কর্মীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির ৮ হাজার ৩৬৭ জন কর্মী মরিশাসে কর্মরত রয়েছে। এই অবস্থায় বাংলাদেশ থেকে আরো কর্মী নেবে মরিশাস। এ ব্যাপারে গতকাল মরিশাসের স্থানীয় সময় পৌনে ১১টায় মরিশাসের শ্রম, শিল্প সম্পর্ক, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী হন শোদেশ সাতকাম ক্যালিসুনর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ব্যাপারে উভয় দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে। শ্রম বাজার অনুসন্ধানে মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৪-২০শে জানুয়ারি মরিশাস ও সেশেলস দ্বীপপুঞ্জ সফরের উদ্দেশ্যে বর্তমানে মরিশাসে অবস্থান করছেন। বৈঠকের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের সাফল্য তুলে ধরে বলেন, বাংলাদেশি কর্মীরা খুবই আন্তরিক ও পরিশ্রমী। তারা অল্প সময়ে যেকোনো দেশের ভাষা রপ্ত করতে পারে। বৈঠকে মন্ত্রী আরো বলেন, আমাদের পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও আধাদক্ষ কর্মী রয়েছে, সেদেশের চাহিদা অনুযায়ী অল্প সময়ের মধ্যে কর্মী প্রেরণ করা সম্ভব। ২০১৭ সালে বাংলাদেশ থেকে ১০ লাখের অধিক কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান লাভ করেছে। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ, কর্মীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত কল্পে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও মরিশাসের মধ্যে কর্মী প্রেরণ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য উভয় দেশ সম্মত হয়। খুবই দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষর বাস্তবায়নের মাধ্যমে কর্মী প্রেরণ বিষয়ে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর হবে উভয় দেশের মন্ত্রী মনে করেন। মরিশাসের শ্রম, শিল্প সম্পর্ক, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী শোদেশ সাতকাম ক্যালিসুন সেদেশে কর্মরত বাংলাদেশের কর্মীদের প্রশংসা করে বলেন, ২ থেকে ৩ মাসের মধ্যে অনেক বাংলাদেশের কর্মী মরিশাসের ভাষা রপ্ত করে ফেলেন। যা সত্যিই অভাবনীয়। বাংলাদেশের কর্মীরা কাজের প্রতি খুবই আন্তরিক উল্লেখ করে মরিশাসের মন্ত্রী বলেন, আমরা অধিকহারে বাংলাদেশ থেকে কর্মী নেব। মরিশাসের শ্রমমন্ত্রী আরো বলেন, বর্তমানে মরিশাসে সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশের। মরিশাসে অবস্থানরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশ প্রথম ২৩ হাজার ২৬৩ জন কর্মী এবং দ্বিতীয় অবস্থান ভারত ৮ হাজার ৩৬৭ জন কর্মী রয়েছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী, উপসচিব মো. জাহিদ হোসেন, মরিশাসে অবস্থিত শ্রম কল্যাণ উইং এর প্রথম সচিব মো. অহিদুল ইসলাম, মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব বিদুশ চন্দ্র বর্মণ এবং মরিশাসের পক্ষে সেদেশের শ্রম, শিল্প সম্পর্ক, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সচিব রাম প্রকাশ নওবুথ। আগামী ১৬ই জানুয়ারি মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :