মিথ্যা অপহরণ মামলায় জর্জরিত পরিবার, স্ত্রী মনোরোগ ক্লিনিকে—ভুক্তভোগীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৩ পিএম, ২০ এপ্রিল ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে একটি পরিবার মিথ্যা ও বানোয়াট অপহরণ মামলার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি।

ভুক্তভোগী নিজাম উদ্দিন জানান, ২০২৬ সালের ৩ মার্চ তিনি শিরিন সুলতানার সঙ্গে রাষ্ট্রীয় ও শরিয়া আইনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাবি, পারিবারিকভাবে তারা স্বাভাবিকভাবে সংসার করে আসছিলেন। কিন্তু শিরিনের পরিবার ৬ মার্চ ২০২৬ তারিখে তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মামলার পর তিনি স্ত্রীকে নিয়ে মাগুরায় অবস্থান করছিলেন। পরবর্তীতে পুলিশ শিরিনকে উদ্ধার করে এবং ১৪ মার্চ নোয়াখালীর কোম্পানীগঞ্জ আমলী আদালতে তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে শিরিন সুলতানা নিজাম উদ্দিনকে তার স্বামী হিসেবে স্বীকার করেন এবং স্বেচ্ছায় তার সঙ্গে যাওয়ার কথা জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তার পরিবার তাকে জোরপূর্বক আলাদা রাখার চেষ্টা করছে।

নিজাম উদ্দিনের অভিযোগ, বর্তমানে তার স্ত্রীকে প্রতারণার মাধ্যমে ঢাকার মিরপুর-১১ এলাকার একটি বেসরকারি মনোরোগ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে মানসিক রোগী হিসেবে দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তার স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করে ফেলার চেষ্টা করা হতে পারে। বর্তমানে তিনি নিজে ও তার পরিবারের সদস্যরা মামলার আসামি হয়ে পলাতক জীবনযাপন করছেন বলে জানান।
এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তিনি তার স্ত্রীকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

সরেজমিনে জানা গেছে, শিরিন সুলতানা বর্তমানে ঢাকার মিরপুর-১১ এলাকার একটি মনোরোগ ক্লিনিকে অবস্থান করছেন।

আপনার মতামত লিখুন :