জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪০ এএম, ১৮ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার সকালে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন তিনি।  এরপর গান ও গিটারের জাদুতে ভক্ত-শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়ক ও সংগীত পরিচালক। গত ১৬ আগস্ট ছিল তার শেষ জন্মদিন।

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতে গিটার ও গানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন আইয়ুব বাচ্চু। গানের পাশাপাশি গিটারেও ভক্তদের মাত করেছেন তিনি।

১৯৭৮ সালে সঙ্গীতজীবন শুরু করেন আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী ও সঙ্গীত পরিচালক ছিলেন।

আইয়ুব বাচ্চুর গাওয়া ‘রূপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘মাধবী’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বার মাস’, ‘হাসতে দেখ’, ‘উড়াল দেব আকাশে’। ‘কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সেই তুমি কেন অচেনা হলে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’, ‘কবিতা সুখ ওড়াও’, ‘এক আকাশ তারা’ গানগুলো ঘুরেছে মানুষের মুখে মুখে।

সোলসের হয়ে ব্যান্ড সঙ্গীতে পা রাখার পর ১৯৯০ সালে নিজের ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। ব্যান্ডের নাম রাখেন ‘লিটল রিভার ব্যান্ড’। পরবর্তীতে এর নাম বদলে রাখা হয় ‘লাভ রান্‌স ব্লাইন্ড’।

ওই বছরই এলআরবি ডাবল অ্যালবাম দিয়ে তাদের যাত্রা শুরু করে। আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। তার সফলতার শুরু দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে। তিনি বেশ কিছু বাংলা ছবিতে প্লে-ব্যাকও করেছেন। ১৯৯৫ সালে বাচ্চু তার তৃতীয় একক অ্যালবাম ‘কষ্ট’ বের করেন। বাংলাদেশের সর্বকালের সেরা একক অ্যালবামগুলোর মধ্যে একটি এটি।

আপনার মতামত লিখুন :