ফরহাদ মজহারের শিকারউক্তির ভিত্তিতে তদন্ত করা হবে: গোয়েন্দা পুলিশ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০০ পিএম, ০৪ জুলাই ২০১৭

অনলাইন ডেস্কঃ>>>>

আদালতে ফরহাদ মজহারের জবানবন্দির ওপর ভিত্তি করেই পরবর্তীতে বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া কী হবে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, ‘আপাতত তাকে (ফরহাদ মজহার) আদালতে পাঠানো হবে। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দী দেবেন। সেই জবানবন্দির ওপর ভিত্তি করেই বিষয়টি তদন্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘ফরহাদ মজহারকে কারা তুলে নিয়ে গিয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা সেটা জানার চেষ্টা করছি।’

আব্দুল বাতেন বলেন, ‘ফরহাদ মজহারের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে আমরা জানতে পারি তার কাছে (ফরহাদ মজহারের স্ত্রী) টাকা দাবি করা হয়। পরে স্ত্রীর সঙ্গে কথাও বলেন তিনি (ফরহাদ মজহার)। যেহেতু টাকা দাবি করা হয়েছে তাই অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছি, কারা তাকে নিয়ে গিয়েছিল?’

তিনি আরও বলেন, ‘আমরা তাকে এই মামলার ভিকটিম হিসেবে জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতে পাঠাবো। এখনও তদন্ত অব্যাহত রয়েছে। এর বেশিকিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ করে বিস্তারিত জানানো হবে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার কী বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, ‘উনিও বলেছেন, সকালে উনাকে মাক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। যেহেতু উনার ফোন দিয়ে স্ত্রীর সঙ্গে নিজেই কথা বলেছেন তাই এ বিষয়গুলো আমরা তদন্ত করছি। আমরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে যা পেয়েছি সেটাই আপনাদের (সাংবাদিকদের) জানালাম। সব তথ্য প্রমাণ হাতে পেলে বিস্তারিত জানানো হবে। ’

আপনার মতামত লিখুন :