সড়ক দূর্ঘটনায় ৪ জনের করুণ মৃত্যু, আহত ২৩
নিজস্ব প্রতিবেদক:>>> জেলার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৪ যাত্রীর ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয়। রবিবার বিকেল সাড়ে চারটার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৩ জন। তাদের মধ্যে ১৩ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যারা নিহত হয়েছেন- গোলক চন্দ্র মিস্ত্রি (২২), রাজেন সরদার (২১), লাল্টু সরদার (১৮) ও কৃষ্ণ প্রসাদ মন্ডল (২০)। নিতাদের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।
আহতরা ব্যক্তিরা জানান, তারা ফরিদপুরের ওড়াকান্দি মেলা থেকে বাসে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা নতুন রাস্তা এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এছাড়া আহত হন ২৩ জন।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকি ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।চারজন নিহতের কথা নিশ্চিত করে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, বাসটি ওভারলোড ছিল। এছাড়া বাসের চাকা পুরাতন। সে কারণে বাসের সামনের একটি চাকা পাংচার হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।



